রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার করা মরদেহগুলোর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ বিষয়ে কাজ চলছে।
এ ঘটনায় একজন পুরুষ আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ১৩ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করা হয়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় একে একে মোট সাতটি ইউনিট কাজ করে।
প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের সমন্বিত প্রচেষ্টায় আগুন পাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।