সিলেট বিভাগে ‘অযৌক্তিক জরিমানা’ ও প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছেন মালিকরা। এতে জ্বালানি সরবরাহে অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির নেতারা।
সংগঠনের সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ বলেন, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ, বিভিন্ন সংস্থার ঘনঘন হিসাব তদারকি, পুলিশ মোতায়েন এবং কয়েকটি পাম্পে বড় অঙ্কের জরিমানা আরোপ—এসবের প্রতিবাদেই তারা এই কর্মসূচি দিয়েছেন।
তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে সিএনজি ও এলপিজিসহ কোনো ধরনের পাম্প পরিচালনা করা মালিকদের পক্ষে সম্ভব হচ্ছে না। প্রশাসনের কঠোর নজরদারি ও জরিমানাকে তারা ‘হয়রানি’ হিসেবে দেখছেন।
মালিকরা আরও জানান, পরিস্থিতি সমাধানে সন্ধ্যার পর থেকে তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে কোনো সমাধান না হওয়ায় রাতেই বৈঠক করে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
তাদের ভাষ্য, সরকার চাইলে নিজ ব্যবস্থাপনায় পাম্প পরিচালনা করতে পারে—এতে তাদের আপত্তি নেই।