দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। টানা কয়েক দফা বৃদ্ধির ধারাবাহিকতায় এবার ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল থেকে নতুন দর কার্যকর হয়েছে বলে সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবেই দেশের বাজারে এ সমন্বয় করা হয়েছে।
তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫০০ টাকাতেই অপরিবর্তিত রয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়তির দিকে রয়েছে।
আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট GoldPrice.org এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৭৫ ডলারের বেশি।
উল্লেখ্য, এর আগে জানুয়ারির শেষ দিকে বিশ্ববাজারে দামের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রভাব দেশে বড় আকারে পড়ে। তখন একদিনেই ভরিপ্রতি ১৬ হাজার টাকার বেশি বাড়িয়ে স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ।