বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

চাহিদা বাড়ায় ব্রয়লার মুরগির দামে ঊর্ধ্বগতি


প্রকাশ :

ঈদুল ফিতরকে ঘিরে বাড়তি চাহিদা এবং খামার পর্যায়ে উৎপাদন কমে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমি চাহিদার পাশাপাশি খামারে রোগের প্রাদুর্ভাবের কারণে সরবরাহ কমে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

খামারিরা জানান, গত এক বছরে দীর্ঘ সময় ধরে কম দামে মুরগি বিক্রি করতে গিয়ে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েন। তবে ঈদের আগে দাম কিছুটা বাড়ায় অনেকেই সেই ক্ষতির একটি অংশ পুষিয়ে নিতে পারছেন।

নরসিংদীর শিবপুর উপজেলার বিরাজনগর বাজারের খাজা পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী ও খামারি আবু হানিফা বলেন, চাহিদা বেশি থাকলেও সরবরাহ কম থাকায় বাজারে দামের ওপর চাপ তৈরি হয়েছে। তার ভাষ্য, এলাকায় প্রায় অর্ধেকের বেশি খামারে রোগের প্রভাব পড়েছে, যার ফলে মুরগির মৃত্যুহার বেড়েছে এবং উৎপাদন কমে গেছে।

তিনি জানান, সম্প্রতি খামার পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯৮ টাকায় বিক্রি হয়েছে। অথচ ফেব্রুয়ারিতে এই দাম ছিল প্রায় ১৪৫ টাকা। জানুয়ারিতে ১৩৬ থেকে ১৪৫ টাকা, ডিসেম্বরে ১২০ থেকে ১৩০ টাকা এবং নভেম্বরে ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছে। এই দাম কিছুদিন স্থিতিশীল থাকলে খামারিরা আগের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

শিবপুরের সোনাকুড়া সিঅ্যান্ডবি বাজারের ‘মায়ের দোয়া পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিন কর্নার’-এর মালিক ও খামারি মো. জহিতুল হক বলেন, গত এক মাসে বাজার পরিস্থিতি খামারিদের জন্য অনুকূলে থাকলেও তার আগের সময়টা ছিল বেশ প্রতিকূল। তার মতে, কেউ কেউ বর্তমান দামে লাভবান হলেও অনেক খামারি এখনও উচ্চ মৃত্যুহারের কারণে লোকসানে রয়েছেন।

এদিকে শিবপুরের বয়লাবো এলাকার নারী উদ্যোক্তা জীবনা বেগম জানান, তার খামারে সম্প্রতি মুরগি বিক্রি করে প্রত্যাশার চেয়ে বেশি লাভ হয়েছে। তিনি বলেন, রমজান মাসে এমন লাভের আশা ছিল না।

একই এলাকার খামারি ও শিক্ষক মো. রবিউল্লাহ বলেন, কয়েক মাসের লোকসানের পর বর্তমানে কিছুটা লাভের মুখ দেখা যাচ্ছে। তার মতে, আশপাশের অনেক খামারে রোগে মুরগি মারা যাওয়ায় সরবরাহ কমেছে, যা দামের ওপর প্রভাব ফেলেছে। তিনি বলেন, পোল্ট্রি খাতে ধৈর্য ধরে টিকে থাকতে পারলেই এক সময় ঘুরে দাঁড়ানো সম্ভব।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাজারে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্রয়লার মুরগির দামের এই ঊর্ধ্বগতি কিছুটা সময় অব্যাহত থাকতে পারে।