রংপুরের বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফের ‘রেইজ’ প্রকল্পের অর্থায়নে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সোমবার (৩০ মার্চ) সকালে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে এ মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিআরএসের ক্ষুদ্রঋণ কর্মসূচির পরিচালক তারিক সাঈদ হারুন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফের সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট দেওয়ান জিন্নাহ এবং উপ-প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী।
মেলায় মোট ১৯টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা চাকরিপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত গ্রহণের পাশাপাশি সরাসরি সাক্ষাৎকার নেন। এ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৪০০ যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানান।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে স্থানীয় পর্যায়ে বেকারত্ব কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।