বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

২৮ ঘণ্টার ভোগান্তি শেষে স্বাভাবিক হলো ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়ক


প্রকাশ :

ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকামুখী মানুষের চাপ এবং পথে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় দীর্ঘ ২৮ ঘণ্টার ভোগান্তির পর অবশেষে স্বাভাবিক হয়েছে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়ক ও যমুনা সেতু এলাকার যান চলাচল।

শুক্রবার ভোররাত থেকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশে যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে সয়দাবাদ থেকে কড্ডারমোড় পর্যন্ত বিস্তৃত এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, যা আশপাশের বিভিন্ন সড়কেও ছড়িয়ে পড়ে। যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা থেকে সায়দাবাদ রেলওয়ে স্টেশন পর্যন্ত দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেতুর পূর্ব প্রান্তে টাঙ্গাইল এলাকায় একটি দুর্ঘটনা ঘটায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। একই সঙ্গে মহাসড়কের বিভিন্ন স্থানে কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যানবাহনের চাপ সামাল দিতে সেতুর চারটি লেনই সাময়িকভাবে ঢাকামুখী যান চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়।

ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী এক যাত্রী জানান, গভীর রাতে যাত্রা শুরু করেও ভোরের পর দীর্ঘ সময় সিরাজগঞ্জ এলাকায় আটকে থাকতে হয়েছে, যা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

তবে রাতভর যানজট ও ধীরগতির পর শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পরিস্থিতির উন্নতি শুরু হয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় মহাসড়কের যান চলাচল।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, সকাল ৮টার পর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, বর্তমানে কোনো যানজট নেই।

এছাড়া যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ ও কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ার কারণে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়েছিল, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।