পটুয়াখালীর বাউফল উপজেলায় লঞ্চের ধাক্কায় তরমুজবাহী একটি ট্রলার ডুবে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) ভোররাতে উপজেলার লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালাইয়া বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আল মামুন।
নিহতরা হলেন রেজাউল করীম (২৮) ও নাছির ফকির (৪২)। তারা দুজনই রাঙাবালী উপজেলার বাসিন্দা এবং পেশায় শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙাবালী থেকে তরমুজবোঝাই একটি ট্রলার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ভোরের দিকে বামনিকাঠী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘এমভি আওলাদ-৭’ নামের একটি ডাবল ডেকার লঞ্চ ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি দ্রুত ডুবে যায়।
ঘটনার সময় ট্রলারের ভেতরে ঘুমিয়ে থাকা রেজাউল ও নাছির বের হতে না পেরে পানিতে ডুবে মারা যান। তবে অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান।
নৌ-পুলিশ জানায়, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।