চট্টগ্রামের পটিয়ায় খড়ের আগুনের ধোঁয়ায় সড়ক অন্ধকার হয়ে পড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার জলুরদিঘী পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাঁশি মোহন দাশ (৫০) লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সড়কের পাশে খড়ে আগুন দেওয়ায় ঘন ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। এতে দৃষ্টিসীমা কমে গেলে দুটি ঈগল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে মারসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন— মোহাম্মদ (৫০), জয়নাল (৩০), মিন্টু দাশ (১৯), আনোয়ার (৩৮), নুরুল আলম (২৯), তাহের (৪৬), টিপু চৌধুরী (৩৬) ও শিরিন আক্তার (৪৭)।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত তিনটি যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।