বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ঈদযাত্রায় জাল ট্রেন টিকিটের ফাঁদ


প্রকাশ :

ঈদকে সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে জাল ট্রেন টিকিটের প্রতারণাও বেড়েছে। তল্লাশিতে প্রতিদিনই ধরা পড়ছে ভুয়া অনলাইন টিকিট, আর এতে পড়ে বিপাকে পড়ছেন সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে স্টেশনের প্রবেশপথ ও ট্রেনের ভেতরে টিকিট যাচাইয়ের সময় বেশ কিছু জাল টিকিট শনাক্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ। এসব টিকিটের বেশিরভাগই কম্পিউটারের দোকান থেকে সংগ্রহ করা পিডিএফ কপি, যেগুলো একাধিক যাত্রীর কাছে বিক্রি করা হয়েছে।

সকালে রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ছেড়ে যাওয়ার সময় একই আসনের টিকিট নিয়ে তিন যাত্রীর মধ্যে বিরোধ দেখা দিলে বিষয়টি স্পষ্ট হয়। পরে যাচাই করে দেখা যায়, তাদের মধ্যে মাত্র একজনের টিকিট বৈধ, বাকি দুজন প্রতারণার শিকার।

ভুক্তভোগী যাত্রী জুবায়ের হাসান বলেন, বাইরের দোকান থেকে টিকিট কিনে তিনি বুঝতেই পারেননি সেটি জাল। পরে বাধ্য হয়ে জরিমানা দিয়ে স্ট্যান্ডিং টিকিট কেটে যাত্রা করতে হয়েছে।

স্টেশনের দায়িত্বপ্রাপ্ত টিটিই জানান, জাল টিকিট প্রতিরোধে তারা কঠোর নজরদারি চালাচ্ছেন। যারা ভুয়া টিকিট নিয়ে আসছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী স্ট্যান্ডিং টিকিট দিয়ে গন্তব্যে পাঠানো হচ্ছে।

এদিকে ঈদের ছুটি শুরু হওয়ায় স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। প্রতিটি ট্রেনই ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে। অনেককে বগির ভেতরে জায়গা না পেয়ে দরজায় দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেখা গেছে।

সকালে ছেড়ে যাওয়া ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেন কিছুটা বিলম্বে ছাড়লেও দিনের বাকি ট্রেনগুলো মোটামুটি সময় মেনেই চলেছে। তবে ছাদে যাত্রী ওঠা ঠেকাতে রেল কর্তৃপক্ষ কড়াকড়ি নজরদারি চালাচ্ছে।

সকাল সাড়ে ৯টা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে অন্তত ১৫টি ট্রেন ছেড়ে গেছে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে না দেওয়ায় নির্ধারিত সময়ের অল্প দেরিতে এসে অনেক যাত্রী ট্রেন মিস করেছেন।

বুড়িমারীগামী এক যাত্রী হাসান মাহমুদ জানান, মাত্র পাঁচ মিনিট দেরিতে পৌঁছানোর কারণে তিনি ট্রেন ধরতে পারেননি।

সব মিলিয়ে কমলাপুর স্টেশনে এখন একদিকে স্বস্তি, অন্যদিকে ভোগান্তির চিত্র। দীর্ঘ অপেক্ষার পর টিকিট পাওয়া যাত্রীরা বাড়ি ফিরতে পারলেও, জাল টিকিটের প্রতারণা অনেকের ঈদযাত্রাকে করে তুলছে দুর্ভোগের।