রংপুরে সার কালোবাজারীর ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো, বিএডিসি কালিবাড়ি কেল্লাবন্দ সার গোডাউনের উপ-সহকারী পরিচালক জিয়াউর রহমান (৪১), সার গুদাম শ্রমিক সর্দার আশরাফ ওরফে কাল্লু (৫৫), মাহিগঞ্জ নাছনেয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে মমদেল হোসেন (৫২) ও ডিমলা ধুমকাটিয়া এলাকার স্বদেশ কুমার রায়ের ছেলে লিটন কুমার রায় (৫০)। রবিবার বিকেল পৌণে ৪টায় পান্ডারদিঘী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (১৬ মার্চ) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৯ জানুয়ারী পরশুরাম থানার গেটের সামনে অভিযান চালিয়ে ট্রাকে পরিবহন করা ২১৪ বস্তা সরকারী সারসহ চালক মানিক মিয়াকে (৪৮) গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পরশুরাম থানায় সার ব্যবস্থাপনা আইনে মামলা হলে গ্রেফতার হওয়া মানিক মিয়াকে জিজ্ঞাসাবাদসহ সার কালোবাজারী সিন্ডিকেটকে গ্রেফতারে তদন্ত শুরু করে পুলিশ। রবিবার অভিযান চালিয়ে পুলিশ ৪ আসামীকে গ্রেফতার করে। এর আগে গত ৮ মার্চ গাইবান্ধা সুন্দরগঞ্জের বেলকা এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
উপ-পুলিশ কমিশনার মোঃ মাহফুজুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামী মানিক মিয়াসহ সংশ্লিষ্ট আসামীরা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।