কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসন ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০শে মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত সুবিধাজনক সময়ে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে। ২৫শে মার্চ সকাল ১০ টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনাসভার আয়োজন করা হবে।
একই দিনে কুড়িগ্রাম শহরের স্বাধীনতা বিজয় স্তম্ভ ও গুরুত্বপূর্ণ স্থানে সুবিধাজনক সময়ে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ২৫শে মার্চ রাতে ১০:৩০ থেকে ১০:৩১ মিনিট পর্যন্ত সমগ্র কুড়িগ্রাম জেলায় প্রতীকী ব্লাকআউট পালন করা হবে।
এছাড়া জেলার সকল ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে ২৫শে মার্চ রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত/প্রার্থনা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কোনো অবস্থাতেই ২৫শে মার্চ উপলক্ষ্যে সরকারি-বেসরকারি দপ্তরে আলোকসজ্জা করা যাবে না।