বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

এমপির নামে ভিজিএফ চালের ৩০ ভাগ দাবি: বিএনপি নেতার কল রেকর্ড ফাঁসে চাঞ্চল্য


প্রকাশ :

​লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নাম ব্যবহার করে ভিজিএফ চালের ৩০ শতাংশ (৩০%) ভাগ দাবি করার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনীতি ও জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​ফাঁস হওয়া ওই অডিওতে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজের কণ্ঠ সদৃশ একজনকে মদাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপ্লব হোসেনের কাছে চালের ভাগ দাবি করতে শোনা যায়।

​গত বৃহস্পতিবার থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই কথোপকথনে সবুজকে বলতে শোনা যায়, এমপি সাহেবের থার্টি পারসেন্ট (৩০%) আপনি বুঝিয়ে দিয়েছেন? উত্তরে চেয়ারম্যান জানান যে, তারা মিটিং করেছেন এবং ইউএনও প্রতিনিধি দেবেন।

​এরপর ক্ষুব্ধ কণ্ঠে সবুজকে আরও বলতে শোনা যায়, বিনা ভোটের এমপি যখন ছিল, তাদেরকে তো সুন্দরভাবে বুঝাইয়া দিছেন। আমরা কিন্তু বিনা ভোটে হই নাই। আমরা অতীত ভুলি নাই। আমাদের বরাদ্দ নিয়ে আপনি কীভাবে মিটিং করেন? ১০০৩টি টোকেন বুঝিয়ে দেবেন।

​একই ঘটনায় স্থানীয় আরেক বিএনপি নেতা বিধান চন্দ্র রায়ের সাথে মদাতি ইউপি চেয়ারম্যানের আরও একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে।

​এদিকে, অভিযুক্ত বিএনপি নেতা শামসুজ্জামান সবুজ এই অভিযোগ সাংবাদিকদের অস্বীকার করেছেন। তিনি বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া কল রেকর্ডটি আমার নয়। ওই চেয়ারম্যানের সঙ্গে আমার কোনো কথাই হয়নি। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। এলাকায় কোনো অনিয়ম হচ্ছে কি না, সেদিকে নজর দিতে তিনি সাংবাদিকদের অনুরোধ জানান।

​কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, "এমপির নামে ৩০ শতাংশ চাল চাওয়ার বিষয়টি আমি শুনেছি। জেলা বিএনপির নেতৃবৃন্দও এ বিষয়ে অবগত। তারা দ্রুতই এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে তার দাবী"।

​কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান বলেন, স্থানীয় এমপিকে ভিজিএফ চাল বিতরণের বিষয়টি নিয়ম অনুযায়ী অবহিত করতে হয়। তবে সেখানে কোনো '৩০ শতাংশ কোটা' দেওয়ার কথা নেই। অডিও ভাইরালের বিষয়টি বিব্রতকর।

​জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে কালীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে মোট ২২ হাজার ৮৬৪টি কার্ড বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা শাখা। এর মধ্যে মদাতি ইউনিয়নে বরাদ্দ ৩ হাজার ৩৪৫টি কার্ড। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল পাওয়ার কথা রয়েছে।

​উল্লেখ্য, মদাতি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব বর্তমানে একটি নাশকতার মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। ফলে অডিওর বিষয়ে তার সরাসরি মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।