বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড


প্রকাশ :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ফজল শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ফজল শেখ রায়গঞ্জ উপজেলার পানাইগাতী গ্রামের মৃত ছবদর আলীর ছেলে।

মামলার বিবরণ ও আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল জানান, রায়গঞ্জ উপজেলার ক্ষুদ্র বাসুরিয়া গ্রামের নুর মহলের সঙ্গে ফজল শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল। ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হলেও ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তারা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এরপর ২০২৩ সালের ২৬ জুন রায়গঞ্জ উপজেলার লক্ষ্মীখোলা ব্রিজের পাশের একটি ইউক্যালিপটাস গাছ থেকে নুর মহলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই ইয়াকুব হোসেন বাদী হয়ে ফজল শেখকে আসামি করে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করেন।