বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদ্‌যাপিত


প্রকাশ :

‘নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি’— এই প্রতিপাদ্যে রংপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উদ্‌যাপিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। রংপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিশ্ব ভোক্তা অধিকার দিবস আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রকৃতি থেকে যে খাদ্য ও অন্যান্য পণ্য পাই, সেগুলো নিরাপদ ও মানসম্মত রাখা আমাদের সবার দায়িত্ব। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় খাদ্য প্রক্রিয়াজাতকরণের সময় ভেজাল মেশায়, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপ নিরাপদ রাখতে হবে।

ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি প্রসঙ্গে তিনি বলেন, জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তার অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ আদালত প্রতিনিয়ত পরিচালনা করছে। এছাড়াও ঈদ উপলক্ষে সেমাইসহ বিভিন্ন খাদ্যপণ্যের উৎপাদন ও বিক্রয় কার্যক্রম বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে জেলা প্রশাসক বলেন, এই আইন অনুযায়ী ভেজাল পণ্য উৎপাদন, ওজনে কম দেওয়া বা নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করলে কঠোর শাস্তির বিধান রয়েছে। এক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। ভোক্তাদের জন্য ন্যায্যমূল্যে ও নিরাপদ খাদ্যসহ অন্যান্য পণ্য সরবরাহে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক খ্রিষ্টফার হিমেল রিছিলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, রংপুর কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি মো. আবদুর রহমান, রংপুর চেম্বার অব কমার্সের পরিচালক পার্থ ঘোষ প্রমুখ।

আলোচনাসভায় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।