চলতি শুস্ক মৌসুমে খানাখন্দে ভরা রংপুর নগরীর সড়কগুলো সংস্কারের দাবীতে মানববন্ধন-সমাবেশ করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। শনিবার (১৪ মার্চ) দুপুরে সংগঠনের সদস্য সচিব অ্যাড. পলাশ কান্তি নাগের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন, মহানগর নাগরিক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নীপেন্দ্র নাথ রায়, আমিন উদ্দিন বিএসসি, মসিউর রহমান, মাহফুজার রহমান, আশিকুল ইসলাম, মেহেদী হাসান তরুন,সুবাস রায়, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক শাহাজাহান বাবু, সাতমাথা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি লতিফ সরকারসহ অন্যরা।
বক্তারা বলেন, রংপুর নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো খানাখন্দে ভরে গেছে। ফলে বর্ষা মৌসুমে নগরবাসীকে যাতায়াতে চরম দূর্ভোগে পড়তে হয়। বিশেষ করে রংপুরের সাথে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বাসিন্দাদের অন্যতম যোগাযোগের রুট জাহাজ কোম্পানী মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ওই সড়কে প্রায় সময় ঘটছে দূর্ঘটনা। এনিয়ে বিভিন্ন সময়ে আন্দোলন হলেও সিটি কর্পোরেশন সড়কটি সংস্কারের কোন উদ্যোগ নেয়নি।
বক্তারা আরও বলেন, আগামী তিন দিনের মধ্যে জাহাজ কোম্পানী থেকে সাতমাথা পর্যন্ত সড়ক সংস্কারের ঘোষণাসহ চলতি শুস্ক মৌসুমে নগরীর ভাঙ্গাচোরা সড়কগুলো মেরামত না হলে ঈদের পর আন্দোলন গড়ে তোলা হবে।