লালমনিরহাটে অনলাইন জুয়া ও সিম চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ)লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার রাজ্জাক মার্কেটের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. আরিফুল ইসলাম (৩৪), মো. সাকিবুল ইসলাম (৩২) ও মো. শরিফ (২৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন ও ১২টি সিম কার্ড উদ্ধার করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলোতে জুয়ার বিভিন্ন অ্যাপ ইনস্টল করা ছিল বলে জানা গেছে।
লালমনিরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় সাইবার সিকিউরিটি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অনলাইন জুয়া ও সিম চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।