লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সারপুকুর যুব ফোরাম পাঠাগারের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় তিন শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করেন।
মঙ্গলবার (১১ মার্চ) সারপুকুর এলাকায় এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়। শিবিরটি বাস্তবায়নে সহযোগিতা করে আরডিআরএস বাংলাদেশ ও দীপ আই কেয়ার ফাউন্ডেশন।
আয়োজকরা জানান, সারাদিন ধরে প্রায় ৩০০ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে ছানি, ঝাপসা দেখা ও অন্যান্য জটিল সমস্যায় আক্রান্ত ১৩ জন রোগীকে উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য দীপ আই কেয়ার ফাউন্ডেশনে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
চক্ষু শিবির চলাকালে উপস্থিত ছিলেন সারপুকুর যুব ফোরাম পাঠাগারের সভাপতি জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নিরাময় কুমার রায়, দপ্তর সম্পাদক ভক্ত কুমার, সমাজসেবা সম্পাদক সুশান্ত কুমার রায়, কার্যকরী সদস্য কনক চন্দ্র রায় ও সামিউল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ-এর কৈশোর কর্মসূচি, আদিতমারীর সরদুল হাসান রাজু, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের কো-অর্গানাইজার রেজাউল ইসলাম রিপন, ফিল্ড অর্গানাইজারসহ প্রতিষ্ঠানের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, গ্রামীণ মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।