বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

প্রজ্ঞা ও আত্মা দাবী জানালো তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ জাতীয় সংসদে আইনে রূপান্তরিত হোক


প্রকাশ :

গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স–আত্মা জাতীয় সংসদে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ আইন হিসেবে পাস করার দাবি জানিয়েছে। তারা মনে করছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকজনিত মৃত্যুর হার কমাতে সংসদের প্রথম অধিবেশনেই এটি আইন হিসেবে গৃহীত হওয়া জরুরি।

আজ (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। বক্তারা জানিয়েছেন, তামাক ব্যবহারের কারণে বছরে প্রায় দুই লাখ মানুষ মৃত্যুবরণ করেন। তামাক ব্যবহারে স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা তামাক খাত থেকে অর্জিত রাজস্বের দ্বিগুণেরও বেশি। বর্তমানে প্রাপ্তবয়স্কদের ৩৫ শতাংশ মানুষ তামাক ব্যবহার করছেন।


সংবাদ সম্মেলনে বক্তারা বলছেন, শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর না হলে জনস্বাস্থ্য ও অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাব আরও বাড়বে। সরকার নির্বাচনী ইশতেহারেও তামাকজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে আইনি উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। আইন পাস হলে নতুন প্রজন্ম ই-সিগারেট, ভ্যাপসহ সকল ধরণের নিকোটিন পণ্য ব্যবহার শুরু করতে পারবে না, এবং শিশু ও নারীসহ অসংখ্য অধূমপায়ী ব্যক্তির পরোক্ষ ধূমপান থেকে সুরক্ষা নিশ্চিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের চীফ রিপোর্টার কাওসার রহমান, ডেইলি টাইমস অফ বাংলাদেশের হেড অফ অনলাইন (বাংলা) মো. মনির হোসেন লিটন, আত্মা’র কনভেনর মর্তুজা হায়দার লিটন ও কো-কনভেনর মিজান চৌধুরী, প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের এবং বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধি। আত্মা’র কো-কনভেনর নাদিরা কিরণের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল উপস্থাপনা উপস্থাপন করেন প্রজ্ঞা’র তামাক নিয়ন্ত্রণ প্রকল্প প্রধান হাসান শাহরিয়ার।