বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই


প্রকাশ :

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সদরে লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কের পাশে মমিনের গ্যারেজ সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে দুটি দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের দোকানগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যায়।

স্থানীয় লোকজন জানান, রাতের দিকে হঠাৎ ওই দুটি দোকানের মধ্যে একটি—কামরুজ্জামানের ‘রোজ সু-স্টোর’ জুতার দোকানে আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে পাশের তাওফিক হাসানের ‘আহমেদ ফার্মেসি’ নামের দোকানেও আগুন ছড়িয়ে যায়। আগুনে জুতার দোকানটির প্রায় সব মালামাল পুড়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ‘রোজ সু-স্টোর’ জুতার দোকানের মালিক কামরুজ্জামান জানান, আগুনে তাঁর দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

‘আহমেদ ফার্মেসি’র মালিক তাওফিক হাসান জানান, তাঁর দোকানের অনেক ওষুধ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নিতাই চন্দ্র বলেন, আগুন লাগার খবর পেয়ে তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রওনা দেন। দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।