বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতিবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার


প্রকাশ :

লালমনিরহাটের হাতিবান্ধায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মামুন (২২) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। রবিবার (৯ মার্চ) বিকেলে রংপুর জেলার লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১৩ জানায়, ভুক্তভোগী দশম শ্রেণির এক ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত মামুন প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিত। পরে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। অভিযোগ অনুযায়ী, গত ২৫ জানুয়ারি রাতে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে মামুন মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে পাশের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। সেখানে বিয়ের শপথ করার কথা বলে সহযোগীর ঘরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখানো হয়।

পরে বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর পরিবার গত ১ মার্চ হাতিবান্ধা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করে।

মামলা দায়েরের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে র‍্যাব-১৩ এর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার লালবাগ এলাকার প্রিয়ন্তী সুপার শপের সামনে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মামুনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।