পবিত্র বদর দিবস উপলক্ষে চট্টগ্রামে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বক্তারা মহান বদরের শিক্ষা স্মরণ করে ঈমান, দ্বীন ও মানবতার সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রবিবার (১৭ রমজান) বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াতের গুলশান কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন বস্তুর ঊর্ধ্বে মানবসত্তার প্রবক্তা, বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।
সভাপতির বক্তব্যে আল্লামা ইমাম হায়াত বলেন, বদর, ওহোদ, সিফফিন ও কারবালার ঘটনাপ্রবাহ মুমিনদের জন্য দিকনির্দেশনামূলক ইতিহাস। এসব ঘটনার আলোকধারায় ঈমানদারদের পথচলা নির্ধারিত হয়। তিনি বলেন, ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ ছিল হক ও বাতিলের মধ্যকার প্রথম বড় মুখোমুখি সংঘর্ষ, যা ইসলামের বিজয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছিল।
তিনি আরও বলেন, আইয়ামে জাহেলিয়াতের জালিম অপশক্তির ধ্বংসাত্মক আগ্রাসন থেকে ঈমান, দ্বীন, খেলাফত, মুসলিম মিল্লাত ও সমগ্র মানবতাকে রক্ষার জন্য প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে সাহাবায়ে কেরাম অসীম ত্যাগ ও আত্মোৎসর্গের দৃষ্টান্ত স্থাপন করেছেন। বদরের ঐতিহাসিক বিজয় সেই ত্যাগেরই প্রতিফলন।
আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলামের ইতিহাসে বিভিন্ন সময়ে হক ও বাতিলের সংঘাত ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পেলেও মূল ধারাটি একই রয়ে গেছে। বদর ও ওহোদে যে অপশক্তি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পরবর্তী সময়ে সিফফিন ও কারবালার ঘটনাতেও সেই ধারারই প্রতিফলন দেখা যায়।
তিনি বলেন, ঈমান, দ্বীন, মিল্লাত ও মানবতার সুরক্ষায় প্রিয়নবীর প্রদত্ত নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা ও মানবিক মর্যাদাভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সময়ের দাবি। মহান বদরের শিক্ষা ধারণ করে ন্যায়, মানবিকতা ও সাম্যের ভিত্তিতে কল্যাণমুখী সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মাহফিলে বক্তারা বলেন, বদর দিবস মুসলিম উম্মাহর ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনের শিক্ষা ধারণ করে অন্যায়, অবিচার ও অপশক্তির বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার অঙ্গীকার করতে হবে।
অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লিরা সালাতু সালাম পাঠ ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর দরবারে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনা করেন।