আইন প্রয়োগে নয়, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশু সুরক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে রংপুরে বিভাগীয় শিশু সুরক্ষা ও অ্যাডভোকেসী বিষয়ক নেটওয়ার্ক সভা হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে মঙ্গলবার (৩ মার্চ) সকালে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার পরিচালক মোঃ আবু জাফর। ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা পল্লব কান্তি রায়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবা রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ গাউসুল আজম চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোস্তফা মনসুর আলম খান, রংপুর বিভাগীয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের উপ-পরিচালক আল আমিন, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার উত্তম দাস ও ওয়ার্ল্ড ভিশন এডভোকেসি ও চাইল্ড প্রটেকশন বিভাগের কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম।
সভায় বক্তারা বাল্যবিবাহ রোধে স্কুল পর্যায়ে মিড ডে মিল চালু, অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধি, আইনের প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন। শিশু শ্রম বন্ধে বিভিন্ন কাজে নিয়োজিত শিশুদের স্কুলে ফেরাতে আর্থিক ও শিক্ষা উপকরণ সহযোগিতা প্রদান, অভিভাবক ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করার উপর তাগিদ দেয়া হয়। এছাড়া শিশু বান্ধব পরিবেশ তৈরী, ঝরে পড়া রোধ, শিশুদের খাদ্য-পুষ্টি চাহিদাপূরণ নিয়ে বক্তারা নানা সুপারিশ তুলে ধরেন। এ সময় ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তারা জানান, শিশু সুরক্ষায় সংস্থাটি শূন্য বাল্যবিবাহ, শূন্য শিশু শ্রম, শূন্য ঝরে পড়া, শূন্য ক্ষুধা, শূন্য পুষ্টিহীনতা ও শূন্য কার্বন নিঃসরণে কাজ করছে।
সভায় বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, ১৮টি এনজিও কর্মকর্তা, শিশু ও যুব সংগঠনের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন।