বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিতে এক লাফে বেড়েছে ৫,৪২৪ টাকা


প্রকাশ :

দেশের স্বর্ণবাজারে আবারও বড় উল্লম্ফন দেখা গেছে। টানা পঞ্চম দফায় দাম বাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে স্বর্ণ। সোমবার (২ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়, যা আজ থেকেই কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৬৬ হাজার ৪৬৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৮৩ হাজার ৫৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গয়নার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও উল্লেখযোগ্য হারে দাম বাড়ায় বাজারে অস্থিরতা আরও বেড়েছে এবং স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত ৩৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৩ বার দাম বেড়েছে এবং ১২ বার কমেছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার দামের সমন্বয় করা হয়, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়।