গাজীপুর জেলার শ্রীপুর ও সদর উপজেলায় পৃথক দুই স্থান থেকে আগুনে পোড়া দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি মরদেহের পরিচয় শনাক্ত করা গেলেও অন্যটি এখনো অজ্ঞাত রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার–বরমি সড়কের বিন্দাবন এলাকার গজারি বনের ভেতরে স্থানীয়রা আগুনে পোড়া এক যুবকের (আনুমানিক বয়স ২০ বছর) মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে এখনো ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় দুই দিন আগে নিখোঁজ হওয়া মাহবুব নামের এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয়রা বনের ভেতরে আগুনে পোড়া অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উভয় ঘটনাই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহগুলো পুড়িয়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, শ্রীপুর ও ভবানীপুর এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।