বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

জুলাই হত্যাকাণ্ডের আসামিদের জামিন ও আ.লীগ কার্যালয় খোলায় জামায়াতের উদ্বেগ


প্রকাশ :

জুলাইয়ের সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার নেতাদের জামিন এবং নিষিদ্ধ ঘোষিত দলের কার্যালয় পুনরায় চালু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এসব ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের একের পর এক জামিন দেওয়া হচ্ছে। পাশাপাশি নিষিদ্ধ থাকার পরও বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যালয় খুলে দেওয়ার অভিযোগ উঠেছে।

তিনি দাবি করেন, এসব কার্যালয়কে কেন্দ্র করে পুনরায় অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা রয়েছে, যা দেশের গণতন্ত্রের জন্য হুমকি হতে পারে। এ ধরনের পদক্ষেপকে তিনি ‘অশনিসংকেত’ হিসেবে উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, আন্দোলন দমনে সক্রিয় ছিলেন সেলিনা হায়াৎ আইভী—তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। একই দিনে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি-ও জামিন পেয়েছেন বলে উল্লেখ করা হয়।

জামায়াতের পক্ষ থেকে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় অভিযুক্তরা জামিনে বের হয়ে আবারও সহিংসতায় জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এছাড়া, জামিনে মুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগের কথাও উল্লেখ করে তাদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।

সবশেষে, আওয়ামী লীগের পুনরায় খোলা কার্যালয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, তা না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।