দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম, যা নতুন রেকর্ড গড়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির সভায় মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও বাড়ানো হয়েছে।
নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা।
সাম্প্রতিক সময়ে স্বর্ণের দামে ধারাবাহিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। গত ২৩ ফেব্রুয়ারি ও ২১ ফেব্রুয়ারি দুই দফায় দাম বাড়ানোর পর এক সপ্তাহে মোট ৯ হাজার ৮৫৬ টাকা বেড়েছে ২২ ক্যারেট স্বর্ণের ভরি। এর আগে আজ সকাল ১০টা ২৯ মিনিট পর্যন্ত এ স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং স্থানীয় সরবরাহ সংকটের কারণে স্বর্ণের দাম বাড়ছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন দামে ২২ ক্যারেট রুপার ভরি ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট রুপা যথাক্রমে ৬ হাজার ৫৩২ টাকা ও ৫ হাজার ৫৯৯ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির রুপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ১৯৯ টাকা।
টানা মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে অলঙ্কার কেনার আগ্রহ কমে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।