চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জৈনপুর এক্সপ্রেস পরিবহনের তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, দক্ষিণ বাজারসংলগ্ন বাসস্ট্যান্ডে রাখা একটি বাসে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা আগুন নেভানোর চেষ্টা চালান।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান তুহিন জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, জৈনপুর এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাকি দুটি বাস আংশিকভাবে পুড়ে গেছে।
বাসের মালিক কামাল হোসেন জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত জানাবেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অখিল চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।