বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মেট্রোরেলে অনুমতি ছাড়া ভিডিও ধারণে নিষেধাজ্ঞা


প্রকাশ :

মেট্রোরেল স্টেশন ও ট্রেনের ভেতরে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমতি ছাড়া মেট্রোরেলের স্থাপনায় যেকোনো ধরনের চিত্রধারণ দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, মেট্রোরেল স্টেশন, প্ল্যাটফরম, কনকোর্স হল, প্রবেশ ও বহির্গমন পথ এবং চলন্ত ট্রেনের ভেতরে ভিডিও ধারণ, লাইভ স্ট্রিমিং কিংবা ছবি তোলা নিষিদ্ধ। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য শর্ট ভিডিও, রিলস বা বাণিজ্যিক শুটিংয়ের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

তবে বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং বা ফটোগ্রাফি করতে চাইলে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করে নির্ধারিত প্রক্রিয়ায় আগাম অনুমতি নিতে হবে।

সাম্প্রতিক সময়ে মেট্রোরেলে ভিডিও কনটেন্ট তৈরির প্রবণতা বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে অস্বস্তি ও অভিযোগ বাড়ছিল। নতুন এই সিদ্ধান্তে স্টেশন এলাকায় শৃঙ্খলা ফিরবে এবং যাত্রীসেবা আরও স্বস্তিদায়ক হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।