লালমনিরহাট জেলা জজ কোর্ট এলাকায় অটোরিকশা চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের জজ কোর্ট এলাকার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আদিতমারী উপজেলার সাপটিবাড়ি (খাতাপাড়া) এলাকার মৃত সামসুল হকের ছেলে মো. মজমুল হক (৫০) এবং জেলা শহরের তালুক খুটামারা এলাকার মৃত তাহের আলীর ছেলে মো. মোসলেম উদ্দিন ভোলা (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল সদর কোর্ট এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। অভিযানে অংশ নেন এসআই মো. মনিরুজ্জামান, এএসআই মো. আলদাদ হোসেন ও কনস্টেবল মো. লেবু মিয়া পিপিএম।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মজমুল হককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মোসলেম উদ্দিন ভোলাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ডিবির ওসি সাদ আহম্মেদ বলেন, সাধারণ মানুষের হয়রানি ও চাঁদাবাজি বন্ধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।