বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা, ভ্যান ছিনতাই


প্রকাশ :

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অটোভ্যান চালক মোজাম উদ্দিন শাহ (৫৫)কে কুপিয়ে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিয়ানগরের বড়িয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোজাম উদ্দিন শাহ জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মোজাম উদ্দিন তার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাত পর্যন্ত তিনি আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাশে বড়িয়া মৌজার খড়ার ব্রিজের পশ্চিম পাশে একটি ধানক্ষেতের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই তার অটোভ্যানটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।