লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে ইস্কাফ সিরাপ, আর্য়ুবেদিক সিরাপ ও জিরা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের প্রস্তুতির খবর পেয়ে ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি বিশেষ টহলদল অভিযান চালায়। এর মধ্যে ২৪ ফেব্রুয়ারি রাত ২টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ক্রান্তির কুটি এলাকায়, ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় লালমনিরহাটের মোগলহাট বিওপির অধীন কুমারটারী এলাকায় এবং ২২ ফেব্রুয়ারি দুপুরে আদিতমারী উপজেলার ক্লিনিকমোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা বহনকৃত মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় ইস্কাফ সিরাপ ৩৮ বোতল, আর্য়ুবেদিক সিরাপ ১৬ বোতল এবং ৯ কেজি জিরা জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩২ হাজার ২০০ টাকা। এর মধ্যে ইস্কাফ সিরাপের মূল্য ১৫ হাজার ২০০ টাকা, আর্য়ুবেদিক সিরাপের মূল্য ৮ হাজার টাকা এবং জিরার মূল্য ৯ হাজার টাকা।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।