বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জলদস্যুদের গুলিতে নুর আলম খান (৪০) ও শাহজাহান মিয়া (৩৮) নামে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৪টার দিকে সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে প্রায় ২০ ঘণ্টা পর রোববার রাত ১১টার দিকে আহতদের নিয়ে ট্রলারটি পটুয়াখালীর মহিপুর ঘাটে পৌঁছায়।
জানা যায়, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের মাছেরখাল গ্রামের মো. দুলাল মিয়ার মালিকানাধীন এফবি ‘জাহিদ’ নামের একটি ট্রলারে ১৪ জন জেলে ছিলেন। তাদের মধ্যে নুর আলম খান ও শাহজাহান মিয়া গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ নুর আলমের বাড়ি বড় টেংরা গ্রামে এবং শাহজাহানের বাড়ি বাদুরতলা গ্রামে।
ট্রলারের মাঝি ফারুক জানান, গভীর রাতে জাল টানার সময় হঠাৎ একটি অজ্ঞাত ট্রলার এসে কোনো সতর্কতা ছাড়াই গুলি ছোড়ে। এতে জেলেরা আতঙ্কে ছুটোছুটি শুরু করলে দুইজন গুলিবিদ্ধ হন। ট্রলারের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন দেখা গেছে।
তিনি আরও জানান, নুর আলমের পিঠে এবং শাহজাহানের বাম চোখের নিচে গুলি লাগে। পরে তাদের মহিপুর ঘাটে এনে কলাপাড়ায় চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে জেলেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে কোন জলদস্যু বাহিনী এর সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের চিকিৎসা চলছে।