আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল সদর উপজেলার একটি গ্রামে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার ভোরে বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন খলিল (৬০), তাহাজ্জত (৩০), ফেরদৌস (৪০) ও আরও একজন (৩০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে, তবে বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরে সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার অনুসারীরা এলাকায় গিয়ে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় প্রতিপক্ষের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলায় কয়েকজন গুরুতর আহত হন।
ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।