বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের দাফন সম্পন্ন, সর্বস্তরে শোক


প্রকাশ :

লালমনিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রবন্ধকার নজরুল ইসলাম মন্ডল (৮১) আর নেই। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

একই দিন বাদ জুম্মা দুপুর ২টা ১৫ মিনিটে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের মন্ডলটারি মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকের শোকবার্তা:

লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক ও লালমনিরহাট মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় তিনি বলেন, “অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ছিলেন একজন জ্ঞাননিষ্ঠ, সৎ ও আদর্শবান শিক্ষক এবং প্রখর চিন্তাশীল প্রাবন্ধিক। লালমনিরহাট বার্তা পত্রিকায় তাঁর অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যা পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত। তাঁর লেখনী সমাজচিন্তা, মানবিক মূল্যবোধ ও জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”

তিনি আরও বলেন, “তাঁর মৃত্যুতে আমরা একজন প্রজ্ঞাবান শিক্ষক, নিবেদিতপ্রাণ লেখক ও সমাজমনস্ক মানুষকে হারালাম। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।