চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর প্রায় ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ।
বিস্ফোরণে গুরুতর আহত হন তিনজন। আহতরা হলেন ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) এবং রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
পুলিশ জানায়, ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জাম নিয়ে অবস্থান করছিল। ভোরে ককটেল প্রস্তুতের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুইজন মারা যান। বিস্ফোরণের তীব্রতায় তাদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।