ভোলা-২ আসনের বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে ভোটকেন্দ্রের পাশের সড়কে বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা এবং ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুতুবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৮২ নম্বর ভোটকেন্দ্রসংলগ্ন এলাকায় এ পরিস্থিতি তৈরি হয়।
স্থানীয়দের ভাষ্য, সকাল থেকেই দুই দলের নেতা–কর্মীরা কেন্দ্রের কাছাকাছি সড়কে অবস্থান নেন। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কর্মীরা এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়, যা দ্রুত উত্তেজনায় রূপ নেয়। এরপর সংক্ষিপ্ত সময়ের জন্য ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। কিছুক্ষণ পর উভয় পক্ষের সিনিয়র নেতারা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। ঘটনার সময় কেউ আহত হয়েছেন—এমন খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. নুরুল করিম অভিযোগ করেন, বিএনপির নেতা–কর্মীরা ভোটকেন্দ্র নিয়ন্ত্রণে নিতে তাদের লোকজনকে হুমকি দিচ্ছিলেন। তার দাবি, বিএনপির পক্ষ থেকেই প্রথমে হামলার চেষ্টা করা হয়।
অন্যদিকে বিএনপির স্থানীয় নেতারা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট কার্যক্রম দেখতে সেখানে ছিলেন এবং কোনো বিশৃঙ্খলা তারা সৃষ্টি করেননি।
শেষ পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি ও উভয় দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ভোটকেন্দ্রের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।