সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের প্রতিষ্ঠিত বেগম কামরুননেছা মহাবিদ্যালয়ে গত ৯ ফেব্রুয়ারি সকালে বেগম কামরুননেছা বৃত্তি প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম কামরুননেছার দ্বিতীয় পুত্র মনজুর হাসান আসাদ, বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর নজরুল ইসলাম, বেগম কামরুননেছার তৃতীয় পুত্র মাহবুব হাসান সাহাদ, কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য ও বেগম কামরুননেছার নাতি মেহেদী হাসান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লাহ। সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ।
আলোচনা শেষে একাদশ শ্রেণির মেধাবী ও অসচ্ছল ২৫ জন শিক্ষার্থীর মাঝে ২ হাজার টাকা করে বেগম কামরুননেছা বৃত্তি প্রদান করা হয়। একই অনুষ্ঠানে কলেজের একজন কর্মচারীকে ৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। প্রতি বছর এই বৃত্তি প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী, বীর মুক্তিযোদ্ধা মরহুম মেজর (অবঃ) কামরুল হাসান আজাদ ১৯৯৪ সালে তার মায়ের নামে প্রত্যন্ত মোগলহাট ইউনিয়নের দুরারকুটিতে বেগম কামরুন নেছা মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।