চট্টগ্রামের বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় অবস্থিত আবুল খায়ের গ্রুপের একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কারখানার ভেতরের একটি উৎপাদন কক্ষে হঠাৎ বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে কারখানার ভেতর।
ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং প্রায় দুপুর ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যন্ত্রপাতির ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
আবুল খায়ের গ্রুপের উপ-মহাব্যবস্থাপক ইমরুল কাদের ভূঁইয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বিস্ফোরণ ঘটেছে। আহতদের গ্রুপের নিজস্ব হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে আটজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং তিনজন এখনো চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, এটি কোনো বয়লার বিস্ফোরণ নয়। সামাজিক মাধ্যমে বয়লার বিস্ফোরণের যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুল। বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন।
ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ যৌথভাবে ঘটনার কারণ অনুসন্ধান করছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।