বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

অতিরিক্ত বাসভাড়ার প্রতিবাদে নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ


প্রকাশ :

অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিক ও ঘরমুখো যাত্রীরা নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন। এতে মঙ্গলবার সকাল থেকে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিক্ষুব্ধ যাত্রীরা সড়কে অবস্থান নেন। তাদের অভিযোগ, নির্বাচন সামনে রেখে গ্রামে ফেরার চাপের সুযোগ নিয়ে বাসচালক ও সহকারীরা কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছেন। ন্যায্য ভাড়া নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে জানান।

আন্দোলনকারীরা বলেন, সোমবার ছিল বেশিরভাগ পোশাক কারখানার শেষ কর্মদিবস। ছুটি পেয়ে শ্রমিকরা ভোট দিতে বাড়ি ফিরতে গেলে বাস মালিকপক্ষ অস্বাভাবিক ভাড়া হাঁকাচ্ছে। এতে অনেক শ্রমিক বাড়িতেই যেতে পারছেন না।

যাত্রী সোলাইমান বলেন, “১৭ বছর পর ভোট দিতে জামালপুর যাচ্ছি। যেখানে ভাড়া ৩০০ টাকা, সেখানে এখন ১ হাজার টাকা চাওয়া হচ্ছে। এটা অন্যায়।”

পোশাক শ্রমিক নাদশা সরকার বলেন, “রাজশাহীতে আগে ৫০০ টাকায় যাওয়া যেত, এখন এক হাজারের বেশি দাবি করা হচ্ছে। অনেক শ্রমিক টাকার অভাবে আটকে পড়েছেন।”

সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাহজাহান জানান, সড়কে যাত্রীর চাপ বেশি থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।