লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চন্দ্রপুর গ্রামের বাগানবাড়ী এলাকায় মকবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঘটনাকে ঘিরে এলাকায় নানা ধরনের আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মকবুল হোসেনের সঙ্গে তার দুই ছেলে ও স্ত্রী মর্জিনা বেগম (৬০)-এর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন গভীর রাত পর্যন্ত তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয় বলে অভিযোগ রয়েছে। পরদিন সকালে মৃতের দুই ছেলে মতি মিয়া (৩৮) ও সহিদুল (৩২) এলাকাবাসীকে জানান, তাদের বাবা ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
মৃতের স্ত্রী মর্জিনা বেগম জানান, তার স্বামীর কিছু মানসিক সমস্যা ছিল এবং এর আগেও তিনি দুইবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, মকবুল হোসেনের দুই ছেলে প্রায়ই তার সঙ্গে অসদাচরণ করতেন এবং একাধিকবার তার গায়ে হাত তুলেছিলেন বলেও তারা দাবি করেন।
সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে আসে। এ সময় মৃতের দুই ছেলের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি বলে পুলিশ জানায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।