লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম তানভির সাবু-র বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন এলাকার স্থানীয় বিক্ষুব্ধ নারীরা। একই সঙ্গে প্রত্যাহার আদেশ বাতিল না করা হলে বিএনপি'র ভোট বর্জন করবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
এসময় দলীয় নেতাকর্মীরা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে একটি বিশাল বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জ উপজেলার সুন্দাহবী মানিক বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা অধিভুক্ত কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক জি. এম. তানভীর সাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে তার নিজ গ্রাম এলাকায় এই ঝাড়ু মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে প্রায় শতাধিক নারী অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা জানান, দুঃসময়ের দীর্ঘ ১৭ বছরে হামলা, মামলা ও আত্মগোপনে থাকা ত্যাগী নেতাকে বহিষ্কার করা অন্যায় সিদ্ধান্ত। অবিলম্বে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।
মিছিল থেকে অংশগ্রহণকারীরা আরও বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব যিনি নিয়েছেন বলে অভিযোগ রয়েছে, সেই নেতা রোকন উদ্দিন বাবুলকে তারা ধানের শীষে ভোট দেবেন না যতক্ষণ না বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।