এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যাদের কারণে দেশের মানুষেরা অত্যাচারের শিকার, বঞ্চিত হয়েছে, তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিস্টরা দিল্লীর গ্রিন সিগন্যাল নিয়ে দেশের ক্ষমতায় আহরনের চেষ্টা করছে। তাদেরকে দেশের জনগণ লালকার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে বসে রয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমাদের সকলকে ত্যাগ স্বীকার করতে হবে। ভোটাধিকার হরণের জন্য মাস্তানী, হুন্ডা নিয়ে গুন্ডামী করতে চাইলে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
রবিবার (১ ফেব্রুয়ারী) রাতে কাউনিয়া মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর-৪ আসনের এগারো দলীয় জোটের প্রার্থী আখতার হোসেনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এনসিপি ক্ষমতায় আসলে শাপলা চত্ত্বর গণহত্যা, বিডিআর গণহত্যা, জুলাই অভ্যূত্থানে সকল শহীদ ও সর্বশেষ শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার করা হবে। দেশের জনগণ দীর্ঘদিন ধরে দুঃশাসনের শিকার হয়ে আসছে। স্বাধীনতার পর বাকশাল থেকে শুরু করে
স্বৈরাচারী শাসন ও সর্বশেষ গণতন্ত্রের নামে ৫৪ বছর আওয়ামী লীগ ও বিএনপি লুটপাটের শাসন করেছে। আমরা এগারো দলীয় জোট সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকার করছি। রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক বদলে দেয়ার অঙ্গীকার করছি। জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক দাস হিসেবে নয়, নিয়োগকর্তা হিসেবে দেখতে চাই। জনগণের নির্দেশে আমরা কাজ করতে চাই।
এনসিপি’র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি ওপেনে গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু গোপনে তারা না এর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ওপেন-গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারে নেমে এসে গণভোটে মুখে যা বলেছেন সেই হ্যাঁ-কে জিতিয়ে আগামী সংসদে ক্ষমতা কাঠামোর ইতিবাচক পরিবর্তন করতে হবে।
তিনি বলেন, আমরা দেখেছি তারেক জিয়া, নাহিদ ইসলাম, ডাঃ শফিকুর রহমান হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। পরিতাপের বিষয় হলো ভারতের রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। জাতীয় পার্টিকে ১২ তারিখে আনুষ্ঠানিকভাবে দাফন সম্পন্ন করা হবে। তারা অলরেডি মৃত, আগামী ১২ ফেব্রুয়ারী হবে তাদের আনুষ্ঠানিক জানাজা।
রংপুর-৪ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল হালিম, যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক তারিকুল ইসলাম, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানসহ এনসিপি ও জামায়াতের
কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।