রংপুর নগরীতে চাবির আঘাতে আমিনুল ইসলাম (৩৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুরে নগরীর তাঁতিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম নগরীর তাঁতিপাড়ার খতিউল্লাহ মুন্সির ছেলে। এ ঘটনায় বিকেলে পুলিশ অভিযুক্ত বিজয় মোহান্তকে তারাগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি শাহজাহান আলী।
তিনি জানান, মনোমালিন্যের জেরে মঙ্গলবার দুপুরে তাঁতিপাড়া এলাকায় আমিনুলের সাথে বাগবিতন্ডা হয় বন্ধু বৈরাগীপাড়ার বিশু মোহান্তের ছেলে বিজয়ের। এরই এক পর্যায়ে বিজয় তার হাতে থাকা চাবি দিয়ে আঘাত করলে আমিনুলের মৃত্যু হয়। এ ঘটনার পরপরই আত্মগোপনে চলে যায় বিজয়। মেট্রোপলিটন পুলিশের ডিবি’র দল গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে তারাগঞ্জে অভিযান চালিয়ে বিজয়কে গ্রেফতার করে।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি শাহজাহান আলী বলেন, গ্রেফতারকৃত আসামী বিজয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য বিষয় তদন্ত করা হচ্ছে।