আসন্ন রমজান মাসে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে প্রায় ১৮৬ কোটি টাকা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দেশের দুটি প্রতিষ্ঠান থেকে মোট ১০টি লটের মাধ্যমে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে। এ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে ১৮৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।
এর মধ্যে সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে, যার ব্যয় ৯২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। এতে প্রতি লিটারের দাম পড়বে ১৮৫ টাকা ৯৫ পয়সা।
অন্যদিকে, শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড থেকে টিসিবির জন্য আরও ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এতে ব্যয় হবে ৯২ কোটি ৯৫ লাখ টাকা এবং প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৫ টাকা ৯০ পয়সা।
এ ছাড়া বৈঠকে সার আমদানিসহ আরও কয়েকটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।