বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বিমানবন্দর এলাকায় হর্নমুক্ত বাস্তবায়নে অভিযান, ৭ চালককে জরিমানা


প্রকাশ :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত বা ‘নীরব এলাকা’ হিসেবে কার্যকর করতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানে হর্ন বাজিয়ে শব্দদূষণ সৃষ্টির অভিযোগে সাতজন যানচালককে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

রোববার (২৫ জানুয়ারি) জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে বিমানবন্দর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব। বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা হিসেবে বজায় রাখা সরকারের অগ্রাধিকার। এ উদ্যোগ দেশের অন্যান্য এলাকার জন্যও দৃষ্টান্ত হয়ে উঠবে।

তিনি আরও জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে বিআরটিএর মাধ্যমে চালকদের প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। প্রাথমিকভাবে ৫০টি আধুনিক সাউন্ড লেভেল মিটার ব্যবহার করে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

অভিযানে অংশ নিয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত রাখা গেলে তা নগরজুড়ে একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।