লালমনিরহাটে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের উঠতি তামাক ক্ষেত উপড়ে নষ্ট করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এতে ওই কৃষকের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী কৃষকের নাম আসাদুল হাবিব। তিনি সদর উপজেলার হারাটি ইউনিয়নের কিশামত চোংগাডারা গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসাদুল হাবিব তার নামে থাকা ৬০ শতক জমিতে চাষাবাদ করে আসছেন। তবে একই গ্রামের মহুবর রহমান ওরফে আব্দুর রহমান (৪২) ও তার সহযোগীরা ওই জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। এর আগেও ২০২৫ সালে ওই জমির ধানক্ষেত নষ্ট করার অভিযোগে আদালতে মামলা করেন আসাদুল হাবিব, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
চলতি রবি মৌসুমে ওই জমিতে তামাকের চারা রোপণ করেন তিনি। চারাগুলো ভালোভাবে বেড়ে উঠছিল। কিন্তু বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আব্দুর রহমান গং ১৫–২০ জন অজ্ঞাতনামা লোক নিয়ে সন্ত্রাসী কায়দায় জমিতে ঢুকে উঠতি তামাক ক্ষেত উপড়ে ফেলে জমি দখলের চেষ্টা করে।
এ সময় ঘটনাস্থলে আসাদুল হাবিবের ছোট ভাই বাধা দিতে গেলে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার বিষয়ে জানতে পেরে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আসাদুল হাবিব ১৭ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে আসাদুল হাবিব বলেন, “আমার ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা! এর আগেও কয়েকবার আমার জমির ফসল নষ্ট করেছে তারা। এবার তামাক ঘরে তোলার আগ মুহূর্তে ক্ষেত উপড়ে ফেলেছে। এতে আমার প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ মতিন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।