কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিভিন্ন হাটবাজার ও সড়কের মোড়ে মোড়ে গজিয়ে উঠেছে নতুন নতুন মুদি দোকান ও পান-সিগারেটের দোকান। এসব দোকানে ফেক্সিলোডসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক বোতলে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পেট্রল, ডিজেল ও অকটেন। এতে নাশকতার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন সচেতন মহল।
উপজেলার ফরকের হাট, বৈদ্ধের বাজার, দিনো বাজার, শিংগেরহাট, ডাবরিরহাট, কাশেম বাজার, কামারপাড়া, আদর্শ বাজার, চান্দামারি বাজার ও মিলের বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্লাস্টিকের বোতলে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে।
বিক্রেতাদের অধিকাংশ দোকানেরই জ্বালানি তেল বিক্রির কোনো বৈধ লাইসেন্স নেই। তারা প্লাস্টিকের জারকিনে ৫ লিটার এবং প্লাস্টিক বোতলে ২ লিটার, ১ লিটার ও আধা লিটার পরিমাণে পেট্রল, ডিজেল ও অকটেন প্রকাশ্যে বিক্রি করছে। বিভিন্ন মোটরসাইকেলচালক এসব দোকান থেকে পেট্রল ও অকটেন কিনে তাদের মোটরসাইকেলে ব্যবহার করছেন।
জানা গেছে, উপজেলার বিভিন্ন তেল পাম্প ও অনুমোদিত ডিলারের দোকান থেকে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল কিনে তারা তা প্লাস্টিকের জারকিন ও ব্যবহৃত পানির বোতলে ভরে সড়কের পাশে টেবিল বা ড্রামে সাজিয়ে বিক্রি করছে।
সচেতন মহলের আশঙ্কা, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এভাবে সহজলভ্য জ্বালানি তেল বিক্রি অব্যাহত থাকলে যেকোনো সময় দুর্ঘটনা বা নাশকতা ঘটতে পারে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ প্রয়োজ্ন।