ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানে থাকা তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তারা একটি ভ্যানের ওপর বসে ছিলেন। দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।