গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুরে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার (১২ জানুয়ারী) সকালে রংপুর নগরীর বাহারদুর সিং মধ্যপাড়ায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় তথ্য অফিসের সহকারী পরিচালক আলমগীর কবির।
উঠান বৈঠকে জেলা প্রশাসক বলেন, ভোটের মাধ্যমেই দেশের যোগ্য ও দায়িত্বশীল প্রতিনিধি নির্বাচিত হয়। নির্ধারিত ফরম ও নম্বর জেনে সঠিকভাবে ভোট প্রদান করতে হবে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে জুলাই সনদের আলোকে নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়িত হবে। তিনি সচেতনভাবে ভোট দেওয়াকে নাগরিকদের দায়িত্ব অবহিত করে বলেন, দেশের চাবিকাঠি জনগণের হাতেই ন্যস্ত। দেশকে সংস্কার, উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার জন্য আসন্ন ভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। এ সময় জানানো হয়, ভোটের দিন কেন্দ্রে দুই ধরনের ব্যালট পেপার থাকবে- জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাদা রঙের এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট পেপার। এ সময় ভোটারদের শৃঙ্খলা মেনে শান্তিপূর্ণভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। উঠান বৈঠকে দুই শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।