টেকনাফ সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা যুবক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত যুবকের নাম কেফায়েত উল্লা (২২)। তিনি টেকনাফের ২১ নম্বর চাকমার কুল রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা এবং নজির উদ্দিনের ছেলে।
সোমবার (১২ জানুয়ারি) ভোর চারটার দিকে তাকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করেন। এ সময় তার সঙ্গে ছিলেন একই আশ্রয়শিবিরের বাসিন্দা নাসির খান।
নাসির খান জানান, রোববার রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় গোলাগুলির মধ্যে কেফায়েত উল্লা আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই যুবক সম্ভবত সেই ঘটনার মধ্যেই আহত হয়েছেন। বিষয়টি নিয়ে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্ত এলাকাতেও পড়ছে। সাম্প্রতিক দিনগুলোতে মংডু টাউনশিপের আশপাশে সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। আকাশপথে হামলা ও স্থলভাগে সংঘর্ষের কারণে সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে স্থানীয়রা জানান।
এর আগেও সীমান্তের ওপার থেকে আসা গুলিতে টেকনাফের কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার সকালে এমন এক ঘটনায় নয় বছর বয়সী এক শিশু আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।